শিরোনাম

রাষ্ট্রীয় মর্যাদায় খামেনির জানাজা আয়োজনের পথে ইরান সরকার

প্রকাশনার সময়: ৩০ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। তবে অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পরিস্থিতি অনুকূলে এলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ব্যাপক পরিসরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার আয়োজন করা হবে। এতে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করে। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই হামলায় তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মুজতাবা খামেনিও আহত হন।

যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা কয়েক দফা পিছিয়ে যায়। যদিও এপ্রিল মাসে তার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল, তবে এখনো পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়নি।

এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি মোটামুটি বহাল থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্থায়ী কোনো সমঝোতা এখনো হয়নি। এমন পরিস্থিতিতেই রাষ্ট্রীয় জানাজার আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে তেহরান।

মন্তব্য করুন