শিরোনাম

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’: ট্রাম্প

প্রকাশনার সময়: ৩১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কেন্দ্র করে সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানো উচিত হয়নি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ইরান বিষয়ে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা

সাক্ষাৎকারে ট্রাম্প অতীতের মার্কিন সামরিক অভিযানগুলোর সমালোচনা করে বলেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল একটি বড় ভুল সিদ্ধান্ত। তিনি মন্তব্য করেন, বাগদাদ কিংবা ইরানে মার্কিন বাহিনীর প্রবেশ করা উচিত ছিল না।

ট্রাম্প বলেন, “ইরাকে যা ঘটেছে তা দেখুন। আমরা সেখানে খুব খারাপভাবে পরিস্থিতি সামলেছি। আমরা যে কাজটি করেছিলাম, তা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ। সত্য বলতে, শুরু থেকেই আমাদের সেখানে থাকা উচিত ছিল না।”

তবে একই সঙ্গে তিনি দাবি করেন, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপ নিয়েছিল, তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় নয় মাস আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে হামলা না চালানো হলে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করত।

ট্রাম্প বলেন, “যদি আমরা সেই হামলা না চালাতাম, তাহলে আজ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারত। তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত ইসরায়েল টিকে থাকত না, এমনকি গোটা মধ্যপ্রাচ্যও ভয়াবহ সংকটের মুখে পড়তে পারত।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়নি। তাঁর মতে, ইরানের সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী হওয়ায় তাদের প্রতি কিছুটা সংযত অবস্থান নেওয়া হয়েছিল।

তিনি বলেন, “আমরা তাদের সামরিক বাহিনীকে অনেকটাই একা ছেড়ে দিয়েছি, কারণ আমাদের ধারণা, তাদের মধ্যে কিছুটা মধ্যপন্থী মনোভাব রয়েছে।”

ট্রাম্প আরও বলেন, যুদ্ধের সময় এমন ভুল সিদ্ধান্ত নেওয়া সম্ভব, যার ফলে একটি দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সবাইকে নিশ্চিহ্ন করে দিলে সেই দেশ পুনর্গঠনে কয়েক দশক সময় লেগে যেতে পারে। তাই সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি পরিণতি বিবেচনায় রাখা প্রয়োজন।

মন্তব্য করুন