শিরোনাম

দাউদকান্দিতে ৮ বছরের মেয়ে শিশুকে ভুট্টাক্ষেতে নিয়ে নির্যাতন, ঘটনা ধামাচাপার শঙ্কা

প্রকাশনার সময়: ৩১ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

কুমিল্লার দাউদকান্দিতে উম্মে হাবিবা (৮) নামে এক শিশুকে নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ কারণে ঘটনাটি ধামাচাপা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাসানপুর গ্রামে সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে শিশুটিকে ফুসলিয়ে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর ও শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি তার কানের দুল ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শিশুটির এক নিকট আত্মীয়ের সম্পৃক্ততার সন্দেহ করছেন এলাকাবাসী। ঘটনার পর থেকে শিশুটির এক চাচাতো ভাইকে এলাকায় দেখা না যাওয়ায় সন্দেহ আরও জোরালো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শিশুটির বাবা মো. বিল্লাল হোসেন ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেও বর্তমানে তিনি অভিযোগ দায়েরের বিষয়ে নীরব অবস্থান নিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আব্দুল হালিম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং শিশুটির ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তাদের আশঙ্কা, যথাসময়ে আইনগত পদক্ষেপ না নেওয়া হলে ঘটনাটি আড়াল হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন