শিরোনাম

কয়েক ঘণ্টা আগেও ভিডিও পোস্ট, মিলল কনটেন্ট ক্রিয়েটরের ঝুলন্ত 

প্রকাশনার সময়: ৩০ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ভারতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরা থানা এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে সৃষ্ট মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন সকালে নিজ কক্ষে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে সায়নী চক্রবর্তী একজন জনপ্রিয় ব্লগার হিসেবে পরিচিত ছিলেন। ফেসবুক ও অন্যান্য মাধ্যমে মা মলি চক্রবর্তীর সঙ্গে গ্রামীণ পটভূমিতে তৈরি তার ভিডিওগুলো দর্শকরা বেশ পছন্দ করতেন। বিশেষ করে 'সুন্দরী' নামের একটি পোষ্য গরুর সঙ্গে তার বিভিন্ন রসাত্মক ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয় ছিল। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও অ্যাকটিভ ছিলেন সামাজিক মাধ্যমে। প্রকাশ করেছিলেন ভিডিও। তার ভক্তরাও আগ্রহ করছিলেন পরের ভিডিওর জন্য। কিন্তু এর মধ্যে বৃহস্পতিবার আসে দুঃসংবাদ।

গুঞ্জন রয়েছে, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সায়নীর প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলায় তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন, যার জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন