জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভোটের তফসিল ঘোষণা
জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন।
নির্বাচন কমিশন জানায়, আগামী ১৯ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এরপর আপত্তি ও দাবি নিষ্পত্তি শেষে ২৮ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ জুলাই, আর বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একই দিনে।
মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে ১৬ জুলাই পর্যন্ত। এরপর ১৭ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ঘোষিত সূচি অনুযায়ী, ২৮ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. সৈয়দ মাসুদ আহমেদ চৌধুরী এবং কমিশনের অন্যান্য সদস্যরা স্বাক্ষরিত এ তফসিলে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন

