যেভাবে গ্রেফতার হলেন সাবেক আইজিপি বেনজির

প্রকাশনার সময়: ১৪ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। পরে জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি বাংলাদেশ সরকারকে ইমেইলের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে। বর্তমানে বেনজীর আহমেদ সেখানে পুলিশি হেফাজতে রয়েছেন।

তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী জানান, ইউএইর প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হয়। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্ত-সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। এনসিবি আবুধাবির সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, মানি লন্ডারিং এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদকে গ্রেপ্তারের লক্ষ্যে এনসিবি ঢাকা ইন্টারপোলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়।

এই গ্রেপ্তারকে বাংলাদেশ পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়’—এই বার্তাই এ ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে।

মন্তব্য করুন