শিরোনাম

প্রথম ম্যাচেই নেইমারকে পাচ্ছেনা ব্রাজিল

প্রকাশনার সময়: ১৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। তবে দলের উদ্বোধনী ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

শনিবার দিবাগত রাত ৪টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটির আগে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও চোট কাটিয়ে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। প্রথমে তার ক্লাব সান্তোস জানায়, তার পায়ে সামান্য ফোলাভাব রয়েছে। পরে পরীক্ষায় কাফ মাংসপেশিতে চিড় ধরা পড়লে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়।

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। তবে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা কম। কোচের আশা, আগামী সপ্তাহে তিনি পূর্ণাঙ্গ দলীয় অনুশীলনে ফিরতে পারবেন।

আনচেলত্তির মতে, নেইমার শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই নন, তার অভিজ্ঞতাও দলের জন্য বড় সম্পদ। বিশেষ করে তরুণ ফুটবলারদের জন্য তিনি অনুপ্রেরণার উৎস।

বর্তমানে জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নেইমার এখনও স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি। সতীর্থদের সঙ্গে সীমিত পরিসরে কাজ করলেও বুটের পরিবর্তে রানিং শু ব্যবহার করছেন। পাশাপাশি ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জিমে অনুশীলনের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি।

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭৯টি গোল করেছেন। সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে দলে থাকলেও মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ।

মন্তব্য করুন