২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই স্কটল্যান্ডের জয়
দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরে স্মরণীয় সূচনা করেছে স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রত্যাবর্তন রাঙিয়েছে স্কটিশরা। একই সঙ্গে এবারের বিশ্বকাপে জয় পাওয়া প্রথম ইউরোপীয় দলও তারা।
যুক্তরাষ্ট্রের ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি আসে অভিজ্ঞ মিডফিল্ডার জন ম্যাকগিনের পা থেকে। ২৮তম মিনিটে চে অ্যাডামসের পাস থেকে বল পেয়ে বেন ডোক আক্রমণ সাজান। তার বাড়ানো বল ধরে নেওয়া ম্যাকগিনের শট দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।
গোলের পর ম্যাকগিন উদযাপন করেন তার পরিচিত ‘গগলস’ সেলিব্রেশন। বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে চোখের সামনে চশমার আকৃতি তৈরি করে করা এই উদযাপনের পেছনে রয়েছে আবেগঘন এক গল্প। দৃষ্টিশক্তিজনিত সমস্যার কারণে তার ভাগ্নে জ্যাক খেলাধুলার সময় বিশেষ সুরক্ষামূলক গগলস ব্যবহার করে। তাকে উৎসাহ দিতেই নিয়মিত এই উদযাপন করে থাকেন স্কটল্যান্ডের মিডফিল্ডার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। সপ্তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে স্কট ম্যাকটমিনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ১৭তম মিনিটে বেন ডোকের তৈরি করা সুযোগ থেকেও গোল করতে পারেননি ম্যাকটমিনে।
অন্যদিকে, ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতিও লড়াই করেছে সমানতালে। বিশেষ করে ম্যাচের শেষভাগে স্কটল্যান্ডের রক্ষণভাগে একের পর এক চাপ সৃষ্টি করে ক্যারিবীয় দেশটি। পুরো ম্যাচে হাইতি ১৩টি শট নেয়, যেখানে স্কটল্যান্ডের শট ছিল ৮টি।
তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় সমতায় ফিরতে পারেনি হাইতি। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্কটল্যান্ড।
গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় প্রথম রাউন্ড শেষে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্কটিশরা।
মন্তব্য করুন

