ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক
আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা এবং জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ এবং ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকটির স্বার্থ, আমানতকারীদের নিরাপত্তা এবং বৃহত্তর জনস্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে।
এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন

