শিরোনাম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশনার সময়: ১০ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

 

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগসহ ছয় দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। বুধবার (১০ জুন) সচিবালয়ে স্মারকলিপি জমা দিয়ে সংগঠনটি দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী বলেন, গ্রাহকদের ছয় দফা দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করা না হলে সারাদেশের গ্রাহকদের নিয়ে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এবং ব্যাংকের অর্থ লুটপাট ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অর্থ ফেরত আনতে হবে। পাশাপাশি ব্যাংকের মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি।

এর আগে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পল্টন মোড়ে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। পরে প্রতিনিধিদলকে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা কিছু সময় সড়ক অবরোধও করেন।

উল্লেখ্য, চেয়ারম্যান মো. খুরশিদ আলমের অপসারণের দাবিতে সচেতন গ্রাহক ফোরাম এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সূত্র: ঢাকা পোস্ট

মন্তব্য করুন