শিরোনাম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

প্রকাশনার সময়: ৭ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করে এবং তদন্তে দেওয়া জবানবন্দীতে অপরাধ স্বীকার করেছে। এছাড়া স্বপ্না খাতুন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহার না করায় আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে মনে করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন হয়। বিচার চলাকালে ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও আসামিপক্ষ যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিল। সবকিছু বিবেচনায় নিয়ে আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন