কার্ড থেকে বিকাশ-নগদে ‘অ্যাড মানি’তে কড়াকড়ি
কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ব্যক্তি হিসাবে ‘অ্যাড মানি’ বা টাকা স্থানান্তরের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে নিজের নামে নিবন্ধিত এমএফএস হিসাবে অন্য কোনো ব্যক্তির কার্ড ব্যবহার করে টাকা আনা যাবে না। একই সঙ্গে নতুন কোনো কার্ড যুক্ত করার ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ৫০০ টাকার পরীক্ষামূলক বা ‘টোকেন লেনদেন’ বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, গ্রাহকের নিরাপত্তার স্বার্থে সাময়িক পদক্ষেপ হিসেবে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে যুক্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। এই লেনদেনটি সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি ওই এমএফএস হিসাবের সঙ্গে স্থায়ীভাবে সংযুক্ত হবে এবং গ্রাহক নিয়মিত লেনদেন করতে পারবেন।
মন্তব্য করুন

