শিরোনাম

শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা পেলেন নেইমার

প্রকাশনার সময়: ১৯ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

নেইমার নাকি জোয়াও পেদ্রো—শেষ মুহূর্তের দোটানার পর ব্রাজিল দলে ভরসা পেলেন তারকা ফরোয়ার্ড

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে পর্যন্ত ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ছিলেন বড় এক সিদ্ধান্তের সামনে। দলে কি জায়গা পাবেন অভিজ্ঞ নেইমার, নাকি সুযোগ মিলবে তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর? শেষ পর্যন্ত অভিজ্ঞতার দিকেই ঝুঁকেছেন ইতালিয়ান কোচ।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের সাংবাদিক রদ্রিগো মাত্তোস ও ইগর সিকেইরার প্রতিবেদনে জানা গেছে, দল ঘোষণার ঠিক আগ পর্যন্ত আনচেলত্তির হাতে ছিল দুটি আলাদা তালিকা। একটিতে ছিলেন নেইমার, অন্যটিতে তার জায়গায় রাখা হয়েছিল চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে।

মূল অনিশ্চয়তা তৈরি হয় নেইমারের ফিটনেস ঘিরে। সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে চোট পান ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এরপর করা মেডিকেল পরীক্ষার রিপোর্ট নিয়ে সতর্ক অবস্থানে ছিল ব্রাজিল কোচিং স্টাফ। চোটের কারণে বিশ্বকাপ দলে তার জায়গা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা।

তবে শুরু থেকেই নেইমারকে দলে রাখার পক্ষেই ছিলেন আনচেলত্তি। যদিও সাম্প্রতিক ইনজুরির পর বিকল্প পরিকল্পনা হিসেবেই প্রস্তুত রাখা হয়েছিল জোয়াও পেদ্রোর নাম। শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপর আস্থা রেখেই ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পান নেইমার।

২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এবার খেলতে যাচ্ছেন নিজের চতুর্থ বিশ্বকাপ। ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমারকে নিয়ে সমর্থকদের মধ্যেও ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার অভিজ্ঞতা ও বড় ম্যাচে প্রভাব বিস্তারের সামর্থ্যকে গুরুত্ব দিয়েছেন, আবার কেউ তুলেছেন ফিটনেস ও ম্যাচ প্রস্তুতি নিয়ে প্রশ্ন।

অন্যদিকে বাদ পড়াদের তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি জোয়াও পেদ্রো। আনচেলত্তির পরিকল্পনায় নিয়মিত থাকলেও শেষ পর্যন্ত নেইমারের ফেরাতেই জায়গা হারাতে হয়েছে বহুমুখী এই ফরোয়ার্ডকে।

দল ঘোষণার পর আনচেলত্তি নিজেও স্বীকার করেছেন, চূড়ান্ত ২৬ জন বেছে নেওয়া সহজ ছিল না। ব্রাজিল দলে প্রতিযোগিতা এতটাই তীব্র যে, কয়েকজনের বাদ পড়া হতাশার জন্ম দিতেই পারে।

নেইমারের অন্তর্ভুক্তি তাই শুধু একজন তারকার প্রত্যাবর্তনের গল্প নয়, বরং এটি আনচেলত্তির বড় এক কৌশলগত সিদ্ধান্তও। এখন দেখার বিষয়, কোচের এই আস্থার প্রতিদান মাঠে কতটা দিতে পারেন ব্রাজিলের পোস্টারবয়।

মন্তব্য করুন