ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৮ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, ইসলামী আন্দোলন কেবল এমপি বা মন্ত্রী হওয়ার লক্ষ্যে রাজনীতি করে না; বরং ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে অবিচল থেকে রাজনীতি চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও আদর্শিক ভিত্তিতে জোট গঠনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে বিষয়ে তারা আস্থা রাখতে চান।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশ বর্তমানে একটি বিশেষ সময় অতিক্রম করছে। এ কারণে দলের অভ্যন্তরে বিভিন্ন সংস্কার ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিকে “গোলামির চুক্তি” উল্লেখ করে তা বাতিলের দাবি জানান চরমোনাই পীর। পাশাপাশি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিজেপির কর্মকাণ্ড কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না এবং এসব কার্যক্রম ভারতের ধর্মনিরপেক্ষতার দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। ভারতকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
মন্তব্য করুন

