হঠাৎ ভাইরাল ‘রাগ করলা’ ডায়ালগ, জানুন আসল ঘটনা
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ভাইরাল ট্রেন্ড হিসেবে ছড়িয়ে পড়েছে সংলাপ—‘রাগ করলা?’। ফেসবুকের নিউজফিড, কমেন্ট সেকশন থেকে শুরু করে বিভিন্ন মিম পেজ—সবখানেই এখন এই সংলাপ ঘিরে চলছে হাস্যরস আর ট্রলের বন্যা। অল্প সময়ের মধ্যেই ডায়লগটি নেটিজেনদের মুখে মুখে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া এই ট্রেন্ডের সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে এক গণক ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে একজনের হাত দেখে ভবিষ্যৎ গণনা করছেন। কথোপকথনের পুরো সময়জুড়ে তিনি বারবার বলছিলেন, ‘রাগ করলা?’—আর সেই বিশেষ উচ্চারণ ও বলার ভঙ্গিই দর্শকদের নজর কাড়ে।
ভিডিওতে থাকা ব্যক্তির শারীরিক গড়ন এবং গণকের আত্মবিশ্বাসী উপস্থাপন পুরো দৃশ্যটিকে আরও হাস্যরসাত্মক করে তোলে। পরে সেই সংলাপ ঘিরে তৈরি হতে থাকে অসংখ্য মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক ভিডিও।
নেটিজেনরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে সংলাপটি ব্যবহার করছেন। কেউ অফিসের বসের আচরণ, কেউ আবার শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক কিংবা বন্ধুমহলের মজার ঘটনার সঙ্গে এটি জুড়ে দিচ্ছেন। ফলে ‘রাগ করলা?’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে স্যাটায়ারধর্মী কনটেন্টের অন্যতম জনপ্রিয় উপাদানে পরিণত হয়েছে।
মন্তব্য করুন

