দেশে বর্ষসেরা ফুটবলার হামজা, ক্রিকেটার রিশাদ
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ২০২৫ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন ঘোষণা করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এবারের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ফুটবলার হামজা চৌধুরী ও ক্রিকেটার রিশাদ হোসেন।
বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও নারী ফুটবলের তারকা ঋতুপর্ণা চাকমা। অন্যদিকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতীয় দলের স্পিনার রিশাদ হোসেন।
এ ছাড়া হকিতে বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম হয়েছেন বর্ষসেরা হকি খেলোয়াড়। বিভিন্ন ডিসিপ্লিনে ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১৫টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। বিজয়ীদের জন্য থাকছে সম্মাননা ও অর্থ পুরস্কারও।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকাতেও রয়েছেন হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা, তানজিদ হাসান তামিম ও আমিরুল ইসলাম। পাশাপাশি বর্ষসেরা ক্রীড়াবিদ বিভাগের মনোনয়ন পেয়েছেন হামজা, ঋতুপর্ণা ও আমিরুল।
এবারের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। যদিও তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা রয়েছে, তবুও পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে সেরা হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন পুরস্কার বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আহমদ।
সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। তিনি জানান, হামজা চৌধুরীর সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।
আগামী ২২ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। দেশের করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড টানা ১১তম বারের মতো এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।
মন্তব্য করুন

