দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাবে ওই অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যা সমুদ্রকে উত্তাল করে তুলতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে এবং গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বায়ুচাপের এই তারতম্য অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন