নাটোরে ছেলের হাতে মা খুন, আটক ছেলে
নাটোর শহরে পারিবারিক বিরোধের জেরে ছেলের আঘাতে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার (রাত সাড়ে ১১টার দিকে) শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
নিহত শহীদা বেগম (৫৫) ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার ৩৫ বছর বয়সী ছেলে আরিফকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী আরিফ দীর্ঘদিন ধরে নানা কারণে মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ করতেন এবং মাঝেমধ্যে সহিংসতাতেও জড়িয়ে পড়তেন। ঘটনার দিন রাতেও মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শহীদা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মনসুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

