সুনামগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৩

প্রকাশনার সময়: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন, একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সদর ও জামালগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৩৮), গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন (৪০) এবং জামালগঞ্জ উপজেলার রূপাবালী গ্রামের আবু ছালেক (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সঙ্গে ধান কাটছিলেন জমির উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময়ে বৈটাখালি গ্রামে নিজ বাড়ি থেকে নদীঘাটে দোকান খুলতে যাওয়ার পথে বজ্রপাতে আহত হন জমির হোসেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, জামালগঞ্জের রূপাবালী গ্রামের আবু ছালেক হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, বজ্রপাতের ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

এদিকে, জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরও তিন কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মন্তব্য করুন