মানহানি মামলায় আগাম জামিন পেলেন আমির হামজা
মানহানির এক মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে হাইকোর্ট থেকে এই জামিন মঞ্জুর করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন।
ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চের একটি বক্তব্যকে ঘিরে। ওইদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। পরবর্তীতে সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে অনুষ্ঠিত এক আলোচনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত ২ এপ্রিল সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। মামলার দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে তাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে তিনি উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মন্তব্য করুন

