৫ বিভাগে কালবৈশাখীর সতর্কতা, ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে পাঁচটি বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৬ এপ্রিল) দেওয়া একাধিক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে দেশের অন্তত ১৬টি জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এসব এলাকার মধ্যে রয়েছে মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম। এসব স্থানে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে দেওয়া আরেক সতর্কবার্তায় জানানো হয়, দেশের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ইতোমধ্যে বজ্রপাত শুরু হয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।
এছাড়া দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।
এদিকে, দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাইবান্ধায় তিনজন এবং ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া ও পঞ্চগড়ে একজন করে নিহত হয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকা এবং সম্ভব হলে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

