কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের সিদ্ধান্ত আসছে শীঘ্রই

প্রকাশনার সময়: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী আরও জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রস্তাব অনুযায়ী, নতুন ফরিদপুর বিভাগ গঠিত হবে বর্তমান ঢাকা বিভাগের পাঁচটি জেলা—ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর নিয়ে। অন্যদিকে, কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত করা হবে চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা—কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নিকারের বৈঠক শেষে—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

মন্তব্য করুন