সংরক্ষিত নারী আসনে কোন দল কত আসন পাচ্ছে

প্রকাশনার সময়: ৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) আগামী বুধবার তফসিল ঘোষণা করতে যাচ্ছে।

সোমবার দুপুরে ইসি সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। ১১তম কমিশন সভা শেষে তিনি বলেন, ইতোমধ্যে সংসদ থেকে দলভিত্তিক আসন বণ্টনের হিসাব কমিশনের কাছে এসেছে। তফসিল ঘোষণার পরপরই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

সংরক্ষিত নারী আসনের বণ্টন অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ১৩টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জন্য বরাদ্দ থাকবে একটি আসন।

ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, স্থগিত থাকা শেরপুর–৩ আসন ও বগুড়া–৬ আসনের উপনির্বাচন নিয়ে এখন পর্যন্ত উদ্বেগজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে, চট্টগ্রাম–২ ও ৪ আসনের নির্বাচনের ফল আদালতের নির্দেশনা অনুযায়ী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ পর্যন্ত ৫০টি নির্বাচনী মামলা দায়ের হয়েছে বলে উল্লেখ করেন আখতার আহমেদ। পাশাপাশি নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি। ইভিএম ব্যবহারে অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব।

মন্তব্য করুন