লিটারে ৫ টাকা বাড়লো অকটেন, পেট্রল ও কেরোসিনে
দেশে আবারও জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্যহার আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে। অকটেনের দাম বেড়ে হয়েছে ১৪৫ টাকা, পেট্রলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা।
এর আগে মে মাসে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। ডিজেলের দাম তখনও ১১৫ টাকা ছিল।
সরকার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে অভ্যন্তরীণ বাজারে মূল্য সমন্বয় করে থাকে। এর ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল।
মন্তব্য করুন

