ঈদের দিনসহ আগামী পাঁচদিনই বৃষ্টির সম্ভাবনা
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কয়েকটি বিভাগে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকলে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা কমে আসবে।
মন্তব্য করুন

