শিরোনাম

ঈদ ঘিরে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ঈদকে ঘিরে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান: ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র-মাদক উদ্ধার

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুমিল্লাজুড়ে বিশেষ নিরাপত্তা অভিযান চালিয়ে ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। অভিযানে বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, ঈদ উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করা, ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং কুরবানির পশুবাহী যানবাহনের নিরাপত্তা জোরদারে গত এক মাস ধরে জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা সংস্থা অংশ নেয়।

অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৪৬ জনকে গ্রেফতার করে। এ সময় একটি বিদেশি পিস্তল, মাদকদ্রব্য, চোরাই মোটরসাইকেল এবং চোরচক্রের কয়েকজন সদস্যকে আটক করা হয়। এছাড়া কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সীমান্তপথে মাদক চোরাচালান ঠেকাতেও অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, স্কার্প ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমুক্ত কুমিল্লা গঠনে তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন