পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড–এর চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকে নিজের পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত বছরের ২৩ জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছিল।
ড. জোবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক–এ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়–এ ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেছেন।
বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার ৭০টির বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। জাতীয় আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগ বাস্তবায়নেও তিনি নেতৃত্ব দেন।
বর্তমানে তিনি জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস–এর প্রতিষ্ঠাতা ও উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন

