শিরোনাম

২৪ ঘন্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

প্রকাশনার সময়: ২৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন উত্তরবঙ্গমুখী ঘরমুখো মানুষ। এর প্রভাব পড়েছে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতু এলাকায়। বাড়তে থাকা যানবাহনের চাপে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ যান চলাচল করেছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন। এর মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ১৬ হাজার ৭৫৩টি এবং ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন।

উত্তরবঙ্গমুখী যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ঢাকামুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। সব মিলিয়ে একদিনে যমুনা সেতুতে মোট টোল আদায় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকা।

ঈদ সামনে রেখে গাজীপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বলেন, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে মোটরসাইকেলের জন্য আলাদা বুথসহ মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। দ্রুত টোল আদায়ের মাধ্যমে যান চলাচল সচল রাখার চেষ্টা চলছে।

এদিকে টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। যানজট এড়াতে বিকল যানবাহন দ্রুত সরিয়ে নিতে একাধিক রেকার প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নজরদারিও বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন