রামিসা হত্যা মামলার বিচার ৫-৭ দিনের মধ্যেই, আশা মৃত্যুদণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলায় আজই চার্জশিট, দ্রুত বিচারে মৃত্যুদণ্ড প্রত্যাশা সরকারের
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় আজ রোববারই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিশেষ আদালতে এই মামলার বিচার দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচারকাজ শেষ হওয়ার আশা করছে সরকার।
রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আদালতের এখতিয়ার অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হলেও, সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, আদালত দোষীদের মৃত্যুদণ্ড প্রদান করবে।
এ সময় পাসপোর্টে পরিবর্তনের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের পাসপোর্টে কিছু গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। নতুন পাসপোর্টে আবারও ‘Except Israel’ শব্দগুচ্ছ সংযুক্ত করা হবে। তার ভাষ্য, অতীতে পাসপোর্টের ভিসা পাতায় কিছু ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনা ছিল, যা এবার পরিবর্তন করে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চাওয়া হয়েছে। সরকার আশা করছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন।
মন্তব্য করুন

