পশ্চিমবঙ্গে মমতাও হারের পথে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেতে যাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলটির সামগ্রিক ফলাফলের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসন ভবানীপুরেও কঠিন চাপে রয়েছেন।
ভবানীপুর কেন্দ্রের ভোট গণনায় ২০ রাউন্ডের মধ্যে ১৯ রাউন্ড শেষে তিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চেয়ে প্রায় ৩ হাজার ৮০০ ভোটে পিছিয়ে আছেন। শেষ রাউন্ডে বড় ধরনের পরিবর্তন না হলে এই আসনে তার পরাজয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। পরে ভবানীপুর উপনির্বাচনে জয় পেয়ে তিনি বিধায়ক নির্বাচিত হন এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ভোট গণনা চলছে। একটি আসনে ভোট বাতিল হওয়ায় সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা হওয়া আসনগুলোর মধ্যে বিজেপি ২০৪টিতে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ৮৪টি আসনে।
সব মিলিয়ে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটতে পারে—এমনই আভাস মিলছে ফলাফলের প্রবণতায়।
মন্তব্য করুন

