শিরোনাম

সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা নিয়ে যা জানা গেল

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন


সৌদি আরবে বুধবার শাওয়ালের চাঁদ দেখার আহ্বান, চাঁদ দেখা গেলে বৃহস্পতিবারই ঈদ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের সমাপ্তি নির্ধারণে আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৬ মার্চ) এক সরকারি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যায় যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরদিনই দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন ঈদ উদযাপন করা হবে।

সুপ্রিম কোর্ট জানায়, কেউ যদি খালি চোখে বা দূরবীন ব্যবহার করে শাওয়ালের চাঁদ দেখতে পান, তাহলে তাকে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধনের জন্য বিষয়টি জানাতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের সহায়তায় বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।

এছাড়া যাদের চাঁদ দেখার সক্ষমতা রয়েছে, তাদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিজ নিজ অঞ্চলে গঠিত চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার সূর্যাস্তের সময় দেশজুড়ে বিভিন্ন উঁচু স্থানে সরকারি চাঁদ দেখা কমিটিগুলো বৈঠকে বসবে। সব সাক্ষ্য যাচাই-বাছাই শেষে পবিত্র ঈদুল ফিতর শুরুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন