ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টি বলয় ‘গোধূলি’, ১৭ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা
দীর্ঘদিনের তাপদাহের পর স্বস্তির বার্তা নিয়ে দেশে প্রবেশ করতে যাচ্ছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’। শুক্রবার (১৩ মার্চ) রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে এই বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত বৃষ্টিবলয়টি সক্রিয় থাকতে পারে। এর মধ্যে ১৬ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এই সময় দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়তে পারে।
বিডব্লিউওটির তথ্যমতে, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে বৃষ্টিবলয়টি দেশে প্রবেশ করে ধীরে ধীরে অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। পরে এটি আগামী ১৮ মার্চের দিকে উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ‘গোধূলি’ বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগ পুরোপুরি সক্রিয় থাকতে পারে। এছাড়া ঢাকা বিভাগের উত্তর-পূর্বাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ এবং রংপুর বিভাগের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলেও ঝড়-বৃষ্টি বেশি হতে পারে। এসব এলাকায় কয়েক দফায় কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ঢাকা ও রংপুর বিভাগের বাকি অংশ, রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলেও মাঝারি মাত্রার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল বিভাগ এবং খুলনা ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সক্রিয়তা তুলনামূলক কম থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে প্রাক-মৌসুমি এই ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত ও দমকা হাওয়ার ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকরা।
মন্তব্য করুন

