ঈদের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকেই ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
শনিবার রাজধানীর গাবতলী এলাকায় অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ মার্চ সকাল থেকেই কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি চালু থাকবে। নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে যাত্রীরা পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।
তিনি আরও জানান, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ থাকবে না। অনলাইন টিকিট বিক্রির ক্ষেত্রেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে।
টিকিট কালোবাজারি রোধে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন সংগঠনের এই নেতা।
মন্তব্য করুন

