শিরোনাম

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যা জানালো ইসি

প্রকাশনার সময়: ১ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

রমজান মাস শেষ হওয়ার পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁও–এ অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি অনুযায়ী রমজান শেষ হলেই সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে। এর আগে যেসব উপনির্বাচন রয়েছে, সেগুলোর তফশিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত সময়েই সেগুলো অনুষ্ঠিত হবে।

আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, সামনে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন থাকায় পুরো বছর কিংবা একাধিক বছর নির্বাচন কমিশনকে নির্বাচন কার্যক্রম নিয়েই ব্যস্ত থাকতে হবে।

নির্বাচন পরিচালনার আইনগত বিষয় নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ। তবে কোন আইন প্রণয়ন হবে, সে সিদ্ধান্ত কমিশনের নয়; আইন প্রণয়ন করে জাতীয় সংসদ

চলমান উপনির্বাচন প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না—এ বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন প্রক্রিয়ায় যেসব ঘাটতি বা সীমাবদ্ধতা ছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবে।

অনুষ্ঠানে তিনি কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান এবং একই সঙ্গে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

মন্তব্য করুন