শিরোনাম

প্রতি ভরি স্বর্ণে ৪৩৭৪ টাকা বেড়েছে আজ

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। শনিবার নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৫ টাকা। এর আগে এ মানের সোনার দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৪১ টাকা। অর্থাৎ এক দিনেই ভরিপ্রতি দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।

এর আগে গত সপ্তাহেও দু’দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। সেবার মোট ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পায়। এবার এক ধাক্কায় দাম বাড়ল চার হাজার টাকার বেশি।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতিই মূলত এই বৃদ্ধির প্রধান কারণ।

নতুন ঘোষণায় ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৭ হাজার ১২৬ টাকা। আর সনাতনি পদ্ধতির সোনা বিক্রি হবে ভরিপ্রতি ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকায়। উল্লেখ্য, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংযুক্ত হবে।

জানুয়ারির শেষ দিক থেকে দেশের সোনার বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এমন ঘটনাও ঘটেছে, সকালে দাম বাড়ানোর ঘোষণা দিয়ে রাতে আবার তা কমানো হয়েছে। গত ২৯ জানুয়ারি ভরিপ্রতি সোনার দাম একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে যায়। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সাধারণত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়। মাঝখানে কিছুদিন দাম কমার পর গত সপ্তাহে বিশ্ববাজারে আবার ঊর্ধ্বগতি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার সোনার স্পট মূল্য আউন্সপ্রতি ১০০ ডলারের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৮ ডলার ১০ সেন্টে।

বিশ্ববাজারে গত দুই সপ্তাহ ধরে সোনার দামে ওঠানামা চলছে। গত ৩০ দিনে মোট দাম কমেছে প্রায় ১৫০ ডলার। তবে ছয় মাসের ব্যবধানে সোনার দাম বেড়েছে ১ হাজার ৭৬২ ডলার। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাবই এখন পড়ছে দেশের বাজারেও।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

প্রতি ভরি স্বর্ণে ৪৩৭৪ টাকা বেড়েছে আজ