শিরোনাম

প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটাতে বড় ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, খুব শিগগিরই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে আটকে থাকা ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের নিয়োগসংক্রান্ত মামলাগুলোর দ্রুত সমাধানেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, শুধু সহকারী শিক্ষক নয়, দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে থাকা প্রধান শিক্ষক পদগুলোর সমস্যাও দ্রুত সমাধানের পথে এগোচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিশ্চিত করে শিক্ষার মান উন্নয়নই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে একটি ‘শিক্ষক পুল’ গঠনের কথাও জানান মন্ত্রী। এতে অভিজ্ঞ ও দক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হবে, যারা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিদ্যালয়ে খণ্ডকালীন ভিত্তিতে পাঠদান করবেন। এতে শিক্ষার্থীদের পাঠদানে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া, পাবলিক পরীক্ষার সময় দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকার সমস্যা সমাধানে প্রতিটি উপজেলায় আধুনিক মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যদের স্মার্টফোনের মাধ্যমে স্কুলের পাঠদান কার্যক্রম তদারকির আহ্বান জানান তিনি। তাঁর মতে, নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত হলে নকলের প্রবণতাও কমে আসবে।

ড. মিলন আরও জানান, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার আধুনিকায়ন ও নৈতিক শিক্ষার প্রসারই সরকারের অগ্রাধিকার।

সভায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন