বিসমিল্লাহ বলে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ শুরু করলেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আজ মঙ্গলবার দুপুরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতীকীভাবে স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
প্রথম পর্যায়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলারও উদ্বোধন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের টাঙ্গাইলে প্রথম সফর। এ উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
সরকারি এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষিবিমাসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের পেশাগত স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী চার বছরে দেশের প্রায় ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো কর্মসূচির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।
এর আগে সোমবার অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, টাঙ্গাইলসহ সারা দেশে ১১টি পয়েন্টে প্রাথমিকভাবে প্রি-পাইলটিং শুরু হবে। পরবর্তীতে পাইলটিং শেষে বৃহৎ পরিসরে কার্ড বিতরণ কার্যক্রম চালু করা হবে।
মন্তব্য করুন

