শিরোনাম

বন্ধ হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

 

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সংকটের কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানা গেছে।

তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

ইআরএল সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শোধনাগারটিতে সর্বশেষ তেল পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়। সংকট মোকাবিলায় মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে অবশিষ্ট প্রায় ৫ হাজার টন অপরিশোধিত তেল এবং সংরক্ষণ ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করেই শেষ পর্যায়ের কার্যক্রম চালানো হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ে ইআরএল দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে দৈনিক প্রায় ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আনা হয়, যা ইআরএলে পরিশোধনের মাধ্যমে ব্যবহারযোগ্য করা হয়।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাজনিত পরিস্থিতির কারণে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হচ্ছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগ পর্যন্ত ইআরএল বন্ধই থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন