শিরোনাম

বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর ভাত খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক আবেগঘন ঘটনার জন্ম দিয়েছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ ইনু মিয়া। প্রিয় রাজনৈতিক দল ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না—এমন কঠোর প্রতিজ্ঞা করেছিলেন তিনি। দীর্ঘ ১৭ বছরের সেই অপেক্ষার অবসান ঘটে পহেলা বৈশাখে।

জানা যায়, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের বাসিন্দা ইনু মিয়া একজন একনিষ্ঠ বিএনপি সমর্থক। ২০০৮ সালের নির্বাচনে ভোট দিতে গিয়ে লাঞ্ছিত হওয়ার পর তিনি ভাত না খাওয়ার এই ব্যতিক্রমী অনশন শুরু করেন। এরপর প্রায় দেড় যুগ ধরে তিনি ভাত স্পর্শ করেননি; কলা, রুটি, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাবার খেয়ে জীবিকা নির্বাহ করেছেন। তার এই ত্যাগ ও প্রতিজ্ঞার কথা এলাকায় দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।

অবশেষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তার সেই প্রতিজ্ঞার অবসান ঘটে। সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইনু মিয়ার বাড়িতে যান এবং নিজ হাতে ভাত তুলে দিয়ে তার দীর্ঘদিনের অনশন ভাঙান।

এ সময় ইনু মিয়া হাস্যোজ্জ্বল মুখে ভাত গ্রহণ করেন। প্রতিমন্ত্রী বলেন, “দলকে ভালোবেসে ইনু মিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনন্য। তার এই প্রতীকী প্রতিবাদ আমাদের অনুপ্রাণিত করে।” তিনি আরও জানান, ইনু মিয়ার জন্য একটি নতুন ঘর নির্মাণ এবং বয়স্ক ভাতার কার্ড নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে বার্ধক্য ও অসুস্থতার কারণে কর্মক্ষম নন ইনু মিয়া। তার স্ত্রী জোছনা খাতুন জানান, গত ১৭ বছর ধরে পরিবারের সদস্য ও স্বজনরা অনেক চেষ্টা করেও তাকে ভাত খাওয়াতে পারেননি। তার একটাই কথা ছিল—দল ক্ষমতায় না এলে তিনি ভাত খাবেন না। অবশেষে সেই প্রতিজ্ঞা ভেঙে তিনি স্বাভাবিক জীবনে ফিরলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর