অনার্স প্রফেশনাল ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৮ এপ্রিলের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। তবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ নির্ধারিত হয়েছে ২৯ এপ্রিল। এছাড়া কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির নির্ধারিত অংশ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দেওয়ার কাজ ৩০ এপ্রিল থেকে ৬ মের মধ্যে সম্পন্ন করতে হবে।
তবে আগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ভর্তি সংক্রান্ত অন্যান্য সব শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন

