শিরোনাম

মাদক সম্পৃক্ততায় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার গ্রেফতার

প্রকাশনার সময়: ৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

পিএসএলের মাঝপথে স্বল্প বিরতিতে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। সেটাই যেন কাল হলো তার জন্য। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হয়েছেন করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অপরাধে ডেভিড ওয়ার্নারকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিডনির মারুব্রা এলাকায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পুলিশ ব্রিদ অ্যানালাইজার যন্ত্র ব্যবহার করে চালকদের পরীক্ষা করছিল।

এ সময় ডেভিড ওয়ার্নারের গাড়ি থামিয়ে পরীক্ষা করা হলে দেখা যায়, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও গ্রেফতার এড়াতে ওয়ার্নার তার গাড়ি পার্ক করার চেষ্টা করেছিলেন।

তবে তিনি তখনো গাড়ির পাশে দাঁড়িয়ে থাকায় পুলিশ তাকে টেস্ট দিতে বাধ্য করে। যার ফলাফলে দেখা যায়, ওয়ার্নার মদ্যপ অবস্থায় ছিলেন। ফলে তাকে গ্রেফতার করে মারুব্রা পুলিশ স্টেশনে নেয়া হয়।

জানা গেছে, ওয়ার্নারের রিডিং ছিল ০.১০৪—যা নিউ সাউথ ওয়েলসে নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি। তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ও আগামী মাসে তাকে আদালতে হাজিরা দিতে হবে।

এই অপরাধের শাস্তি হিসেবে বড় অঙ্কের জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল এমনকি জেল পর্যন্ত হতে পারে সাবেক অজি ক্রিকেটারের।

এদিকে ওয়ার্নারের আইনি জটিলতা করাচি কিংসের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এই অস্ট্রেলিয়ান ওপেনারের নেতৃত্বেই দলটি টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।

পিএসএলের দ্বিতীয় পর্বের জন্য আগামী ৯ এপ্রিল তার করাচিতে পৌঁছানোর কথা ছিল। তবে এই ঘটনার পর তার পাকিস্তান সফর বা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্তব্য করুন