শিরোনাম

আজ দুপুরের মধ্যে দেশের তিন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশনার সময়: ৯ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন