শিরোনাম

বৈবাহিক ধর্ষণে অপরাধ দেখে না বাংলাদেশ-ভারত-আফগানিস্তান

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ার আটটি দেশে বৈবাহিক ধর্ষণকে পুরোপুরি অপরাধ হিসেবে গণ্য না করায় লাখ লাখ নারী ও কিশোরী অরক্ষিত অবস্থায় রয়েছেন। এসব দেশে ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে।

বিশ্বের ১০০টিরও বেশি দেশ বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করলেও দক্ষিণ এশিয়ার ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো বেশ কিছু দেশ এখনও এটিকে অপরাধ হিসেবে মনে করে না। 

দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ মালদ্বীপ, যেখানে বৈবাহিক সম্পর্কের ভেতরে সংঘটিত ধর্ষণের ক্ষেত্রেও অন্য যেকোনো ধর্ষণের মতো সমান শাস্তির বিধান রয়েছে।

অন্যদিকে নেপাল ও ভুটান বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করলেও সেক্ষেত্রে লঘু শাস্তির বিধান রেখেছে। এই অঞ্চলের নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর জোট ‘সমাজ’-এর এক গবেষণায় এসব তথ্য জানানো হয়েছে।

‘সমাজ’-এর অন্তর্ভুক্ত বৈশ্বিক নারী অধিকার সংগঠন ‘ইকুয়ালিটি নাউ’-এর প্রতিনিধি রঞ্জিতা সিলওয়াল জানান, দক্ষিণ এশিয়ার বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনগুলোর মূল ভিত্তি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের।

ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে প্রণীত আইনে ধর্ষণের সংজ্ঞায় কিছু ব্যতিক্রমের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে কোনো পুরুষের তার প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ককে ধর্ষণের আওতার বাইরে রাখা হয়েছে।

অধিকারকর্মীরা বলছেন, আইনটি এখন সেকেলে হয়ে পড়েছে এবং অপরাধী যে-ই হোক না কেন, জোরপূর্বক যৌন সম্পর্ক মানেই ধর্ষণ। বৈবাহিক যৌন সহিংসতা নারীদের শারীরিক, মানসিক, আবেগীয় ও যৌন সুস্থতার ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।

যুক্তরাজ্যসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশ বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য ১৯৯১ সালেই তাদের আইনটি সংশোধন করেছে। তবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এখনো সেই পুরোনো আইনি ছাড় বহাল রয়েছে।

পাকিস্তান ২০০৬ সালে ধর্ষণ আইনের ব্যতিক্রমী ধারাটি বাতিল করলেও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ধর্ষণ আইন প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে দেশটির কোনো উচ্চ আদালত এখনো স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি। বরং সম্প্রতি দেশটির একটি হাইকোর্টের রায়ে সম্মতিহীন শারীরিক সম্পর্কের ক্ষেত্রে স্বামীদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে নারীদের সুরক্ষাব্যবস্থা ক্রমাগত ভেঙে ফেলা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর