শিরোনাম

‘নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না’

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের প্রায় এক মাস পর স্বস্তি দেখা দিয়েছে শিল্পাঞ্চল গাজীপুরে। স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, এতে কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। এ ছাড়া বন্ধ থাকা কারখানাগুলোও আজ থেকে খুলে দেওয়া হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ী, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছেন। 

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। এতে শিল্পাঞ্চলের প্রায় ৭০ ভাগ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের জেরে অর্ধশত কারখানা ছুটি দেওয়া হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে কাজে যোগদান করেছেন শ্রমিকরা। এতে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা) জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। 

মন্তব্য করুন