ইয়াবা কাণ্ডে বদলি, কক্সবাজারে প্রত্যাহার, ফেনীতেও বিতর্কে সেই ওসি
সাত বছর আগে ইয়াবা কাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা থেকে বদলি হয়েছিলেন মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। এরপর ঘুসসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানা থেকে প্রত্যাহার হন। এবার ফেনীর দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনের সময় এক নারীর সঙ্গে কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলরেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী তদন্ত করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি ছিলেন ফয়জুল আজীম নোমান। ওই সময় তার থাকার কক্ষ থেকে কয়েকশ পিস ইয়াবা উদ্ধারের ঘটনা আলোচনায় আসে। থানার বাবুর্চি জাহিদ ভূঁইয়া সেগুলো বাসায় নিয়ে যাওয়ার পর তাকে আটক করে পুলিশ। পরে ৩১০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
মন্তব্য করুন

