ঢাকার যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ক্রমবর্ধমান যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীর সড়ক ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা, গণপরিবহন পরিচালনা, যানজটের কারণ এবং দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিশেষভাবে উঠে আসে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকাগুলোতে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনালের বিষয়টি।
আলোচনায় বলা হয়, দীর্ঘদিন ধরে নগরীর কেন্দ্রস্থলে থাকা এসব বাস টার্মিনাল রাজধানীর অভ্যন্তরীণ যানজট বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার ও আন্তঃজেলা বাস এসব টার্মিনালে প্রবেশ ও বের হওয়ার ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা নগরবাসীর ভোগান্তি বাড়িয়ে তুলছে।
এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নগরীর ভেতর থেকে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে অথবা উপযুক্ত প্রান্তিক এলাকায় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে বিকল্প টার্মিনাল স্থাপন, সংযোগ সড়ক উন্নয়ন এবং সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেওয়া হয়।
বৈঠকে আরও বলা হয়, রাজধানীর যানজট নিরসনে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উভয় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার সংস্কার, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নগর পরিবহন অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

