শিরোনাম

আজ বিশ্ব গাধা দিবস, কিভাবে এলো দিবসটি

প্রকাশনার সময়: ৮ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

প্রতি বছর ৮ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব গাধা দিবস’ (World Donkey Day)। দিনটি গাধার অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং এই প্রাণীর প্রতি মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে পালন করা হয়।

বিশ্ব গাধা দিবসের সূচনা করেন পাকিস্তানের প্রাণীবিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক ড. আব্দুল রাজিক কাকার। ২০১০ সালে তিনি এই উদ্যোগ নেন। পরে ২০১৮ সাল থেকে দিবসটি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রাণী কল্যাণ সংস্থা ও সচেতন মানুষ দিবসটি পালন করে থাকে।

বিশ্বে বর্তমানে প্রায় ৫ কোটি গাধা রয়েছে। এদের অধিকাংশই এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে কৃষিকাজ, মালামাল পরিবহন ও গ্রামীণ জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়। কঠিন পরিবেশে টিকে থাকার সক্ষমতা, ধৈর্য এবং কর্মক্ষমতার জন্য গাধা বিশেষভাবে পরিচিত। অনেক দেশে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবেও বিবেচনা করা হয় এই প্রাণীকে।

বিশেষজ্ঞদের মতে, গাধা শুধু শ্রমের প্রাণী নয়, চিকিৎসা ও থেরাপিতেও তাদের ব্যবহার বাড়ছে। সঠিক পরিচর্যা পেলে একটি গাধা প্রায় ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

তবে বর্তমানে বিশ্বজুড়ে গাধারা নানা সংকটের মুখোমুখি। বিশেষ করে চীনসহ কিছু দেশে ‘ইজিয়াও’ নামের ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে গাধার চামড়ার চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিবছর বিপুল সংখ্যক গাধা চুরি ও হত্যার শিকার হচ্ছে। প্রাণী অধিকারকর্মীরা বলছেন, এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সচেতনতা ও সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

বিশ্ব গাধা দিবস তাই শুধু একটি উদযাপন নয়, বরং অবহেলিত এই প্রাণীর প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতা প্রকাশেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর