শিক্ষার্থীরা রিডিং পড়তে না পারলে শিক্ষকদের বেতন বন্ধ হতে পারে
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পাঠদক্ষতা এবং গণিতের মৌলিক চারটি অপারেশন— যোগ, বিয়োগ, গুণ ও ভাগে দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসনিক জবাবদিহির আওতায় আনা হতে পারে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক শিক্ষাগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠে দক্ষতা নিশ্চিত করতে হবে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের মৌলিক হিসাব-নিকাশে পারদর্শী করে তোলার পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ার সক্ষমতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া শ্রেণিকক্ষে প্রতিদিন শিক্ষার্থীদের পাঠ্যবই থেকে নিয়মিত পড়া করানো এবং মৌলিক গণিত চর্চা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করে তা নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, মাঠপর্যায়ে এসব নির্দেশনার বাস্তবায়ন নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফল অর্জিত না হলে সংশ্লিষ্ট বিদ্যালয় ও শিক্ষকদের কার্যক্রম মূল্যায়নের আওতায় আনা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা পরবর্তী স্তরের শিক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারে।
মন্তব্য করুন

