শিরোনাম

ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

প্রকাশনার সময়: ১১ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও তিনি প্রশাসনিক দায়িত্ব থেকে দূরেই ছিলেন।

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর দায়িত্ব গ্রহণের বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, একজন জুনিয়র শিক্ষক হিসেবে এত বড় দায়িত্ব পাওয়া তার কাছে ছিল বিস্ময়কর ও সম্মানের।

সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেহরীন বলেন, তার কাছ থেকেই তিনি ধৈর্য, সংযম ও শিক্ষার্থীদের পাশে থাকার মানসিকতা শিখেছেন। জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে তিনি “অভূতপূর্ব অভিজ্ঞতা” হিসেবে উল্লেখ করে বলেন, এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টরিয়াল টিমকে মোকাবিলা করতে হয়নি বলেই তার বিশ্বাস।

পোস্টের শেষাংশে নতুন প্রক্টর ও তার টিমের প্রতি শুভকামনা জানিয়ে তিনি দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

মন্তব্য করুন