শিরোনাম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে আজ সন্ধ্যা ৬ টায়

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানোর কথা রয়েছে। সেখানে তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করানো হবে বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসের পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী নিজেই চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবগত রয়েছেন।

মন্তব্য করুন